মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০১ জুন ২০২৬ ২০:১৮ পিএম
কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) কর্মরত এক পুলিশ কর্মকর্তাসহ একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে যুক্তরাষ্ট্রে কর্মরত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল উদ্দিন খান জানান, গত রবিবার তিনি তার মৃত বাবা-মায়ের নামে দানকৃত জায়গায় প্রস্তাবিত ‘এইচএমএসকে মেমোরিয়াল তথ্য প্রযুক্তি ও কারিগরি মাদ্রাসা’র সাইনবোর্ড উত্তোলন করে উদ্বোধন করতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা সেখানে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।
আহতরা হলেনÑ মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল উদ্দিন খান, তার বড় ভাই মো. আবদুর রহমান খান ও তার ভাতিজা মোহাম্মদ দানিয়াল খান। এ ঘটনায় তার বড় ভাই আহত ব্যবসায়ী মো. আবদুর রহমান খান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।