মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৯:৩০ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬ ১৯:৪১ পিএম
কিশোরগঞ্জ পৌর শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নাগরিকবান্ধব নগরীতে পরিণত করতে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার (০১ জুন) দুপুরে জেলা শহরের
কাঁচারী বাজার, কালীবাড়ী মোড়, গৌরাঙ্গবাজার, পুরানথানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়
আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার
বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ, পৌর নির্বাহী কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা
সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও স্থানীয় সরকার
বিভাগের কর্মকর্তারা।
প্রশাসন জানায়, পৌরসভার ৯টি ওয়ার্ড
ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে
এসব ডাস্টবিন স্থাপন করা হবে। যাতে যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা কমবে এবং নগর
পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে। ডাস্টবিন বিতরণের পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা
অভিযান পরিচালনা করা হবে। নালা-নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা অপসারণ
এবং মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমও চলবে। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুসহ
মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় ওই সময়। প্রশাসন
আরও জানায়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে
কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কামরুল হাসান
মারুফ বলেন, ‘একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, প্রতিটি
নাগরিকেরও। নাগরিকদের সচেতন অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘নির্ধারিত স্থান ছাড়া রাস্তাঘাটে
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরের সৌন্দর্য ও পরিবেশ
রক্ষায় সম্পূর্ণ বিনামূল্যে এসব ডাস্টবিন বিতরণ করা হচ্ছে।’
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত
জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও নাগরিক সচেতনতা বৃদ্ধি পেলে
কিশোরগঞ্জ পৌর শহরের পরিবেশ ও সৌন্দর্যে ইতিবাচক পরিবর্তন আসবে।