বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৭:১৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬ ১৯:০০ পিএম
ভারতীয় পুশইন রোধে সীমান্তে বিজিবির সর্তক পাহারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সাদিপুর সীমান্তে সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এরপর থেকে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।
বিজিবি জানায়, সোমবার ভোর রাতে সাদিপুর সীমান্তের খড়েরমাঠ এলাকা দিয়ে ১০ থেকে ১২ জনের একটি দলকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেন এবং শূন্যরেখায় (জিরো পয়েন্ট) অনুপ্রবেশকারীদের আটকে দেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রাতভর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল। বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে সাদিপুরসহ জেলার সব সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
তিনি বলেন, “বিএসএফের ঠেলে পাঠানো ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু বর্তমানে সাদিপুর মাঠের জিরো লাইনে অবস্থান করছে। যেকোনো সীমান্ত দিয়ে এই পুশব্যাকের চেষ্টা হতে পারে বলে আমরা সতর্ক রয়েছি এবং এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। উদ্ভূত পরিস্থিতি সমাধানে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে”।