সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৩:৪২ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬ ১৩:৫০ পিএম
উদ্ধারকৃত মরদেহ ও ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ীতে ওমর ফারুক (৩৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি এলাকার ডোবা থেকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দীপ্তী গ্রামের হেমন্তের ছেলে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওমর ফারুকের মরদেহ এবং একটি ভ্যান উদ্ধার করা হয়। পরে মরদেহটি সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওমর ফারুক একজন নওমুসলিম ছিলেন। বিয়ের পর তিনি গারোদের ধর্ম (সাংসারেক) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তার স্বামী উপজেলার খালেকের মোড় এলাকার রফিক ফকিরের পোল্ট্রি ফার্মে কর্মরত ছিলেন এবং তাদের দু্ই সন্তান রয়েছে বলেও জানান তিনি।
ওসি মোহাম্মদ ইকবাল বলেন, “পুকুর থেকে একজন ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”