অবৈধভাবে ভারতে চামড়া পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানিকৃত পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল, জনসচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পাচার প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিষয়টি রবিবার দুপুরে নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ লতিফুল বারী।
তিনি জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। বিশেষ করে চামড়া পাচার রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে এবং সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সীমান্তবর্তী মসজিদগুলোতে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন, অবৈধ পারাপার এবং চামড়া পাচারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হচ্ছে বলেও জানান তিনি।
এর পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজনও করা হচ্ছে, উল্লেখ করেন লতিফুল বারী।
বিজিবি সূত্রে জানা গেছে, চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে। তাদের বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বিপণনে উৎসাহিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই চামড়া পাচার না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে।
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের সুযোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ চামড়া পাচার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে জানাতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।