× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনা

ঈদের ছুটিতে বগুড়ায় প্রাণ গেল ১৪ জনের

বগুড়া অফিস

প্রকাশ : ৩১ মে ২০২৬ ১৪:৫৪ পিএম

আপডেট : ৩১ মে ২০২৬ ১৪:৫৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় ঈদুল আজহার ছুটিতে কেউ ফিরছিলেন গ্রামের বাড়িতে, কেউ বেরিয়েছিলেন বন্ধুদের সঙ্গে ঘুরতে। কিন্তু অনেকেরই আর গন্তব্যে পৌঁছানো হয়নি। 

গত ছয় দিনে বগুড়ার বিভিন্ন সড়কে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৪ জনের। নিহতদের মধ্যে আটজনই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ থেকে ৩০ মে পর্যন্ত জেলার শাজাহানপুর, কাহালু, শেরপুর, নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় অন্তত আটটি বড় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শিশু, মা-মেয়ে ও বাবা-মেয়ে, বন্ধু, প্রধান শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ।

সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি ঘটে ২৫ মে সকালে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকায়। রংপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই বছরের কন্যাকে নিয়ে পাবনায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন ব্র্যাককর্মী আনিছুর রহমান। পথে অজ্ঞাত একটি যানের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি ও তার মেয়ে পুষ্প। গুরুতর আহত হন তার স্ত্রী আয়েশা বেগম।

একই দিন বিকালে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় একটি বাসের ধাক্কায় রিকশা-ভ্যানে থাকা জেমি আক্তার ও তার মেয়ে তনু আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হন ভ্যানচালক।

২৭ মে ভোর থেকে সকাল পর্যন্ত কাহালু ও নন্দীগ্রামে পৃথক তিনটি দুর্ঘটনায় প্রাণ হারান চারজন। কাহালুর বউবাজার এলাকায় চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল ও ট্রাকের সহকারী হৃদয় নিহত হন। একই উপজেলার ভ্যাপরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মারা যান শ্রমিক রবিউল আউয়াল ওরফে জিয়া।

নন্দীগ্রামের ফোকপাল এলাকায় দুটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ট্রাকের সহকারী ইনজামাম।

ঈদের দিন রাতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু- আবু রায়হান ও তামিম হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন।

এরপর ২৯ মে সন্ধ্যায় কাহালু উপজেলার বারোমাইল এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান তিন বন্ধু- রাহিম, অপূর্ব ও প্রেম।

স্থানীয় লোকজন জানান, বৃষ্টির মধ্যে উচ্চগতিতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হন আরও দুজন।

সবশেষ শনিবার রাতে শিবগঞ্জ পৌরসভার লালদহ এলাকায় আলুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম প্রামাণিক (৫৮)। তিনি বগুড়া সদর উপজেলার চকহবিবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

ছয় দিনের এসব দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে আটজনই মোটরসাইকেল আরোহী। নিহতদের বড় একটি অংশ তরুণ।

বিভিন্ন দুর্ঘটনার তথ্য পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনার ক্ষেত্রে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ চালনা এবং সড়ক নিরাপত্তা বিধি না মানার বিষয় সামনে এসেছে।

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত বেড়ে যাওয়ার এই সময়ে একের পর এক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়কে নজরদারি বৃদ্ধি, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা