× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটি

মেঘ, পাহাড়, ঝর্ণা আর গুহার টানে মুখর খাগড়াছড়ি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

প্রকাশ : ৩১ মে ২০২৬ ০৯:১৮ এএম

আপডেট : ৩১ মে ২০২৬ ০৯:২৯ এএম

খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলুটিলা গুহা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলুটিলা গুহা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি মানেই পরিবার-পরিজনকে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা।

আর সেই পরিকল্পনার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দেশের অন্যতম পর্যটননির্ভর পাহাড়ি জেলা খাগড়াছড়ি। 

ঈদের ছুটিকে ঘিরে এবারও মেঘ, পাহাড়, ঝর্ণা, গুহা ও বৈচিত্র্যময় সংস্কৃতির অপার সৌন্দর্যে মোড়ানো এই জনপদে নেমেছে পর্যটকদের ঢল।

ঈদের প্রথম দিন থেকেই জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে দেখা গেছে ভ্রমণপিপাসু মানুষের উপচেপড়া ভিড়।

দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার, বন্ধু-বান্ধব ও ভ্রমণপ্রেমীরা ছুটে এসেছেন খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আলুটিলা পর্যটনকেন্দ্র, রহস্যময় আলুটিলা গুহা, তেরাং তৈকালাই ঝর্ণা, খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, চেঙ্গী নদীর পাড়সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান।

প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত খাগড়াছড়ির পাহাড়গুলো যেন দূর-দূরান্তের মানুষকে হাতছানি দিয়ে ডাকছে।

পাহাড়ের সবুজ চাদর, ঝর্ণার কলকল ধ্বনি, শীতল বাতাস আর নিরিবিলি পরিবেশ পর্যটকদের মনে এনে দিচ্ছে এক অনন্য প্রশান্তি।

আলুটিলা গুহায় রহস্য আর রোমাঞ্চের সন্ধানে

খাগড়াছড়ির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলুটিলা গুহা। অন্ধকারে মোড়ানো প্রাকৃতিক এই গুহা বরাবরই পর্যটকদের কাছে এক অন্যরকম আকর্ষণের নাম।

হাতে টর্চ নিয়ে গুহার ভেতর দিয়ে চলার অভিজ্ঞতা যেন এক রোমাঞ্চকর অভিযানের অনুভূতি এনে দেয়।

কুমিল্লা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক শহিদুল ইসলাম বলেন, “খাগড়াছড়ির সৌন্দর্য সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু সরাসরি এসে দেখার পর সত্যিই মুগ্ধ হয়েছি। আমার ছেলেমেয়েরা খুব আনন্দ পাচ্ছে।

“বিশেষ করে আলুটিলা গুহার ভেতরে গিয়ে একেবারে ভিন্ন ধরনের অনুভূতি হয়েছে। প্রকৃতির এত কাছাকাছি আসার সুযোগ খুব কমই মেলে।”

গুহার মুখে দাঁড়িয়ে ছবি তোলা, পাহাড়ি পথ বেয়ে ওঠা-নামা এবং শীতল পরিবেশ উপভোগ করতে দেখা গেছে শত শত পর্যটককে।

তেরাং তৈকালাই ঝর্ণায় জলধারার মোহ

খাগড়াছড়ির আরেক আকর্ষণ তেরাং তৈকালাই ঝর্ণা।

পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জলধারা, ঝুলন্ত সেতুর দোল আর চারপাশের সবুজ পরিবেশ পর্যটকদের কাছে এক অন্যরকম আবেশ সৃষ্টি করেছে।

এ বিষয়ে প্রতিদিনের বাংলাদেশের কথা হয় ফেনী থেকে আসা একদল পর্যটকের সঙ্গে।

তারা জানান, পাহাড়ের সৌন্দর্য, এখানকার পরিবেশ, মানুষের আন্তরিকতা সবকিছুই অসাধারণ। তেরাং তৈকালাই ঝর্ণার ঠাণ্ডা পানি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য আমাদের মুগ্ধ করেছে। মনে হচ্ছে আবারও এখানে ফিরে আসতে হবে।

এখানেও অনেকেই ঝর্ণার পাশে ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের স্মরণীয় মুহূর্তগুলো ভাগাভাগি করছেন।

চেঙ্গী নদীর পাড়ে নির্মল প্রশান্তি

ঈদের ছুটিতে চেঙ্গী নদীর পাড়েও ছিল দর্শনার্থীদের ভিড়। নদীর স্বচ্ছ জলধারা, পাহাড়ের ছায়া আর বিকালের স্নিগ্ধ বাতাস পর্যটকদের মনকে ছুঁয়ে গেছে।

অনেকে পরিবার নিয়ে নদীর পাড়ে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন, আবার কেউ কেউ নৌকাভ্রমণের আনন্দ নিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরাও জানিয়েছেন, পর্যটকদের আগমনে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়েছে। হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসাগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য।

পর্যটকসেবায় সর্বদা প্রস্তুত সংশ্লিষ্টরা

খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের উপ-সহকারী হর্টিকালচার কর্মকর্তা কান্তি বিকাশ ত্রিপুরা বলেন, “ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি।

“পর্যটকরা যাতে সুন্দর ও নিরাপদ পরিবেশে ঘুরতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের চাইতে তৃতীয় দিনে সকাল থেকে পর্যটকদের আগমন সন্তোষজনক বলেও জানান তিনি।

তিনি আরও জানান, দর্শনার্থীদের সুবিধার্থে পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও অন্যান্য সেবামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের একাধিক টিম।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক নয়ন বড়ুয়া বলেন, “খাগড়াছড়িতে আশানুরূপ পর্যটক আসছে। বিভিন্ন পর্যটনকেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থীর সমাগম দেখা যাচ্ছে।

“পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং নিয়মিত টহল দিচ্ছে।”

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‘স্বপ্নপুরী’তে পরিণত খাগড়াছড়ি

প্রকৃতি, সংস্কৃতি ও আতিথেয়তার অনন্য সমন্বয়ে খাগড়াছড়ি আজ দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য।

পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, ঝর্ণার সুর, গুহার রহস্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির আকর্ষণে প্রতি বছরই ঈদের ছুটিতে এখানে ভিড় করেন হাজারো পর্যটক।

এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের আনন্দের সঙ্গে প্রকৃতির মেলবন্ধনে খাগড়াছড়ি যেন পরিণত হয়েছে এক জীবন্ত উৎসবের নগরীতে।

পাহাড়ের বুকজুড়ে ছড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্য, মানুষের উচ্ছ্বাস আর ভ্রমণের আনন্দ মিলিয়ে পর্যটকদের কাছে খাগড়াছড়ি হয়ে উঠেছে ‘এক টুকরো স্বপ্নপুরী’, যেখানে কাটানো প্রতিটি মুহূর্তই রয়ে যাবে আজীবনের অমূল্য স্মৃতি হয়ে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা