নিহত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম প্রামাণিক। ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
নিহতের নাম মো. আশরাফুল ইসলাম প্রামাণিক (৫৮)।
শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম প্রামাণিক বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চকহবিবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তিনি শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্মী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি মোটরসাইকেলে করে নাগরবন্দর এলাকা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে লালদহ এলাকায় পৌঁছালে একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এবং দুর্ঘটনার পর চালক পালিয়ে যান বলেও জানান তারা।
এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ উপজেলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নিহতের মৃত্যুর খবরে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।