নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, দেশপ্রেম ও দূরদর্শিতার মাধ্যমে আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার দুর্গাপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নেত্রকোনা-১ আসনের এই সাংসদ বলেন, ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।
১৯৭১ সালে দেশের ক্রান্তিলগ্নে নিজের জীবনের তোয়াক্কা না করে ‘আই রিভোল্ট’ বলে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীতে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন বলেও বক্তব্যে উল্লেখ করেন ডেপুটি স্পিকার।
তিনি আরও বলেন, আজকের গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি ও কৃষি বিপ্লবের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। রাষ্ট্রক্ষমতায় থেকেও তিনি অত্যন্ত সাধারণ ও সৎ জীবনযাপন করতেন, যার প্রমাণ তার রেখে যাওয়া ভাঙা স্যুটকেস ও ছেঁড়া শার্ট।
নেতাকর্মীদের কেবল ‘হুযুগে’ রাজনীতি না করে শহিদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপকি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।