মৎস্যচাষি নুর ইসলাম শেখের লিজ নেওয়া পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখা যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদারীপুরের রাজৈর উপজেলায় পুকুরে চামড়ার বর্জ্য ফেলে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে এক চামড়া ব্যবসায়ীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্লুইটগেট এলাকার সরকারি পুকুর লিজ নিয়ে দুই বছর ধরে মাছ চাষ করছিলেন মৎস্যচাষি নুর ইসলাম শেখ।
নুর ইসলাম শেখ অভিযোগ করেন, কোরবানির ঈদের পর চামড়া ব্যবসায়ী হারুণ ফকির পাশের একটি দোকানে পশুর চামড়া সংরক্ষণ করেন। পরে সেই চামড়ার লবণাক্ত বর্জ্য পুকুরে ফেলা হয়।
এর ফলে পুকুরের পানি দূষিত হয়ে যায় এবং শনিবার সকালে রুই, কাতলা, তেলাপিয়া, শিংসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যেতে শুরু করে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন চাষি নুর ইসলাম শেখ।
তিনি অভিযোগ করে বলেন, তিনি ব্যাংক ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন এবং এই ক্ষতি কাটিয়ে ওঠা তার জন্য কঠিন হয়ে পড়েছে। ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
অভিযুক্ত চামড়া ব্যবসায়ী হারুণ ফকির নিজের দোষ স্বীকার করে জানান, তিনি ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন।
এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি ফৌজদারি অপরাধ, এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।