ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তরুণ শাহরিয়ার মাহিন। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার মাহিন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।
উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সিরাজ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার মাহিন ঈশ্বরগঞ্জ উপজেলার রেণু মিয়ার ছেলে। তিনি এক ভাই ও এক বোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের সিরাজ চেয়ারম্যানের বাড়ির সামনে একটি হাইয়েস মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলেন তারা।
এদিকে মাহিনের মৃত্যুর পর তার ফেসবুক আইডির শেষ কয়েকটি স্ট্যাটাস নিয়ে স্থানীয় ও নেটিজেনদের মাঝে আলোচনা তৈরি হয়েছে।
দুদিন আগে তিনি ফেসবুকে ‘দুঃখ হারিয়ে যাওয়ার’ বিষয়ে একটি পোস্ট করেছিলেন।
এমনকি দুর্ঘটনার কিছু সময় আগেও তিনি ‘জাস্ট স্পিড অ্যান্ড গান’ লিখে একটি স্ট্যাটাস দেন বলেও জানা গেছে।
একমাত্র ছেলেকে হারিয়ে মাহিনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।