রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৬ ১৫:৫৯ পিএম
কমলনগরে জারির দোনা খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগরে জারির দোনা খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ জলসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত পুকুর-খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় এসব খাল খনন কর্মসূচি চলমান।
উপজেলার পাটওয়ারির হাট এলাকায় শনিবার দুপুরে তিনি খাল পুনঃখনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হুইপ নিজান বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন আরও সমৃদ্ধ হবে। এছাড়া মৎস্যসম্পদ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত হোসাইন, প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুবদলের আহ্বায়ক মো.ইউছুফ পাটওয়ারি, সদস্য সচিব আবু ছায়েদ দোলনসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।