রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৬ ১১:৩৯ এএম
চর আলেকজান্ডার। ফাইল ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহ ঘুরতে গিয়ে দেড় শতাধিক পর্যটক আটকা পড়েন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও নৌপুলিশের সমন্বিত প্রচেষ্টায় মধ্যরাতে তাদের উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন নিপা শনিবার সকালে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “রাত সাড়ে ১২টার দিকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছে “।
এর আগে শুক্রবার বিকালে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারে করে নারী, পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক পর্যটক চর আব্দুল্লাহ ভ্রমণে যান।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারে করে নারী, পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক পর্যটক চর আব্দুল্লাহ ভ্রমণে যান। চরটিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় ফিরে আসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে তারা চরে আটকা পড়েন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে নদীতে জোয়ার আসার পর রাত সাড়ে ১২টার দিকে পর্যটকদের নিরাপদে উদ্ধার করে আলেকজান্ডারে ফিরিয়ে আনা হয়”।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, চরে আটকা পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে রাতে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়”।