মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৬ ১৯:১৪ পিএম
শুক্রবার সকালে নিজ গ্রামে পাশাপাশি কবরে দাফন হয়েছেন পদ্ম সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুই বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে।
মধুখালী উপজেলার নওয়াবাড়ি ঘোষকান্দি এলাকায় শুক্রবার সকালে নিজ গ্রামে পাশাপাশি কবরে দাফন হয়েছেন দুই বন্ধু রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭)।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ডাঙ্গী ইউনিয়নের নারাণখালী ব্রিজের পূর্ব পাশে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে মধুখালী থেকে মোটরসাইকেলে রওনা দেন রাজন ও ইব্রাহিম। পথে নারাণখালী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজন শেখ নিহত হন এবং গুরুতর আহত ইব্রাহিমকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।