পুলিশ বিষ্ণু কুমার সরকারকে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে এক বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে বিএসএফ।
ফেরত আসা ওই ব্যক্তির নাম বিষ্ণু কুমার সরকার (৩২)।
তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দুর্গাদহ গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে।
পুলিশ তাকে শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
হাকিমপুর হিলি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হিলি সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ সদস্যরা বিষ্ণু কুমার সরকারকে বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে রাত সাড়ে ১১টার দিকে বিজিবি লিখিত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে হাকিমপুর থানার কাছে বুঝিয়ে দেয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
ওসি আরও জানান, ২৭ মে সন্ধ্যার পর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিষ্ণু কুমার সরকার। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।