বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে কারাভোগ শেষে মুক্ত হওয়া বাংলাদেশি যুবকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভারতে ১৭ মাস কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, গার্মেন্টসে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের চেন্নাইয়ে যান তারা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন।
এরপর ভারতের আদালত তাদের ১৭ মাসের সাজা দিয়ে চেন্নাই কেন্দ্রীয় কারাগারে পাঠায়। কারাভোগ শেষে একটি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে রাখে।
পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
ফেরত আসা এক যুবক বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারত গিয়েছিলাম। কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে খুব ভালো লাগছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে দালাল চক্র তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা সেখানে প্রতারণার শিকার হন। শুক্রবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।