অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৭:১২ পিএম
যশোরের অভয়নগরে ঈদের দিনে পুকুরে ডুবে জুনায়েদ মোল্যা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি
যশোরের অভয়নগরে ঈদের দিনে পুকুরে ডুবে জুনায়েদ মোল্যা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
কোরবানির ব্যস্ততার মধ্যেই ঘটে যাওয়া এই ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উপজেলার সাভারপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই গ্রামের সাজ্জাদ হোসেন মোল্যার ছেলে।
শিশুটির বাবা সাজ্জাদ হোসেন মোল্যা জানান, দুপুর ১২টার পর তিনি ও তার স্ত্রী কোরবানির মাংস ভাগাভাগির কাজে ব্যস্ত ছিলেন। দুপুর ১টার দিকে ছেলেকে আশপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে প্রতিবেশীদের একজন বাড়ির উঠানের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুর রহমান বলেন, পরিবারের সদস্যরা কোরবানির কাজে ব্যস্ত ছিল, একপর্যায়ে শিশুটি পুকুরে পড়ে যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান জানান, খবর পেয়ে তিনি শিশুটির বাড়িতে গিয়েছিলেন।
তিনি বলেন, এই দুর্ঘটনায় পরিবার ও এলাকার ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে।