নিজ শহর বগুড়ায় এবার ঈদুল আজহা উদ্যাপন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এবার ঈদুল আজহা উদ্যাপন করছেন নিজ শহর বগুড়ায়।
শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। পরে পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক কবরস্থানও জিয়ারত করেন তিনি।
তবে এবার আর তিন প্রজন্মের একসঙ্গে ঈদের নামাজ পড়া হয়নি। মুশফিকের ছেলে শাহরোজ রহিম মায়ান জ্বরে আক্রান্ত হওয়ায় ঈদগাহে যেতে পারেনি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা।
তিনি বলেন, “ছেলের সঙ্গে ঈদ করতে পারাটাই আনন্দের। ঈদ ছাড়া তো ওকে খুব একটা কাছে পাই না। নাতিটার জন্য একটু খারাপ লাগছে। ও এলে গতবারের মতো তিন প্রজন্ম একসঙ্গে নামাজ পড়তে পারতাম”।
ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, “সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। পরিবারের সঙ্গে সুস্থভাবে ঈদ উদ্যাপন করুন। কোরবানির আনন্দ গরিব ও অসহায় মানুষের সঙ্গেও ভাগাভাগি করে নিন”।
ঈদের পরই সামনে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
এ প্রসঙ্গে মুশফিক বলেন, “যারা খেলবে, তাদের জন্য শুভকামনা। সামনে আরও গুরুত্বপূর্ণ সিরিজ আছে। আশা করি, দেশবাসী সব সময়ের মতো দলের পাশে থাকবে”।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও আশাবাদী মুশফিকের বাবা।
তিনি বলেন, “অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। তারপরও বাংলাদেশ লড়াই করতে পারবে। টেস্ট ক্রিকেটে অনেক কিছুই সম্ভব”।
এ সময় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রত্যাশার কথাও জানান মুশফিক। তার ভাষ্য, দেশের অন্যতম ভালো উইকেট এটি।
প্রয়োজনীয় সংস্কার শেষ হলে আবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সবশেষে দেশবাসীর কাছে দোয়া চান মাহবুব হামিদ তারা। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আল্লাহ যেন সুস্থতা ও ঈমানের সঙ্গে জীবনের শেষ সময় পর্যন্ত রাখেন”।