প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গরু চরানোর সময় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১০ জন জখম হওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের গীতা রানী গাইন, রণজিৎ গাইন, শিবপদ গাইন, ধর্মদাস গাইন, বিষ্ণুপদ গাইন, রবীন্দ্রনাথ গাইন, অনিমেষ গাইন, ইন্দ্রজিৎ গাইন, সুরেন গাইন ও কৌশল্যা গাইন।
অভিযুক্ত ব্যক্তিরা হলে একই এলাকার আব্দুল মজিদ পাইক, তার ছেলে হাসান পাইক ও হোসেন পাইক, ভাণ্ডারীর ছেলে জাহিদ হোসেন বাবু, ইসলাম গাজীর ছেলে বিল্লাল হোসেন, তার স্ত্রী খুকুমনি, হাসান পাইকের ছেলে মিলন পাইক।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জেলেখালি গ্রামের কৃষ্ণপদ গাইনের স্ত্রী গীতা রানী গায়েন জানান, জমি নিয়ে তাদের সঙ্গে পার্শ্ববর্তী মথুরাপুর গ্রামের আব্দুল মজিদ পাইকের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে সালিশি বৈঠক হলেও প্রতিপক্ষরা মানে না। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজেদের পোষা গরু নিজেদের জমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার সময় আব্দুল মজিদ ও তার ছেলে চোরাকারবারি হাসান পাইকসহ কয়েকজন বাধা দেন।
কথাকাটাকাটির একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে তার মাথায় কোপ মেরে জখম করা হয়। খবর পেয়ে তার পরিবারের বাকি সদস্যরা ছুটে এলে অভিযুক্তরা তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এ সময় হামলাকারীরা তাদের একটি স্মার্ট ফোন নিয়ে নেয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে অভিযুক্ত আব্দুল মজিদ পাইক জানিয়েছেন, বিরোধপূর্ণ জমির উপর দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে তাদেরও দুজন আহত হয়েছেন।
এ বিষয়ে ইউপি সদস্য দেবাশীষ গাইন বলেন, “এটা একটি বর্বরোচিত হামলা। পরিষদের থেকে তাদেরকে দুই পক্ষকে বলা হয়েছিল যে যার জায়গায় আছে ঐ ভাবে ঈদ পর্যন্ত থাকতে। ঈদের পরে মাপ জরিপ করে সমাধান করার কথা ছিলো”।
শ্যামনগর থানার ওসি খালিদুর রহমান জানান, এ ঘটনায় রণজিৎ গায়েন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।