প্রতীকী ছবি
রংপুর গঙ্গাচড়ায় পানিতে ডুবে দুই ভাই-বোন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় বুধবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো রুশা মনি (১৫) ও কাইফ (৫)। তারা রংপুর নগরীর শিরিনপার্ক এলাকার বাসিন্দা রাসেল ও আদুরী দম্পতির সন্তান।
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিচা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার মায়ের সঙ্গে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের মাজারেরপাড় এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে তারা। বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় রুশা মনি ও কাইফ। একপর্যায়ে বৃষ্টির পানিতে ডুবে থাকা একটি গর্তে পড়ে যায় ছোট্ট কাইফ।
ছোট ভাইকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় বড় বোন রুশা মনি। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় এক শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। রুশা ও কাইফকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিচা বেগম বলেন, “হাসপাতালে আনার পর শিশু দুটিকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি। তাদের শরীরে জীবনের কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে”।