সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬ ১৪:৪৫ পিএম
সাতক্ষীরায় বজ্রপাতে শাহানারা বেগম নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি
সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় বজ্রপাতে শাহানারা বেগম (৩০) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
তিন সন্তানের জননী শাহানারার মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোক ও অনিশ্চয়তা।
উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহানারা বেগম ওই গ্রামের জাকের মোল্লার মেয়ে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সকালে এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় শাহানারা বাড়ির পাশের মাছের ঘেরের দিকে তার মাকে খুঁজতে যাচ্ছিলেন।
ঠিক তখনই হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত ছুটে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য, শাহানারার জীবন ছিল টানা সংগ্রামের। কিছুদিন আগে স্বামীর মৃত্যু হলে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সন্তানদের মুখে খাবার তুলে দিতে কখনও অন্যের বাড়িতে, কখনও মাছের ঘেরে দিনমজুরের কাজ করতেন।
প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, শাহানারা খুবই শান্ত ও পরিশ্রমী মানুষ ছিলেন। স্বামীর জীবদ্দশায় তারা জেলার বাইরে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর সন্তানদের মানুষ করতে একাই লড়াই করে যাচ্ছিলেন তিনি।
ছোট তিন সন্তানকে ঘিরে এখন নেমে এসেছে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের মতে, একের পর এক প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষের জীবন যেন প্রতিনিয়ত নতুন সংগ্রামের মুখোমুখি হচ্ছে।