পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হাসপাতালের কোনো স্টাফ রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা এবং হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ কাজে সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।”
তিনি আরও বলেন, “রুট লেভেলে ডাক্তার ও রোগীদের আচরণ কেমন, সেটি দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। কোনো ধরনের পূর্বপ্রস্তুতি ছাড়া বাস্তব পরিস্থিতি কেমন, তা জানার চেষ্টা করছি।”
হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। যেসব শিশু এখনো টিকার বাইরে রয়েছে, তাদেরও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, খুব শিগগিরই দেশের সকল হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যাতে চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান সম্পর্কেও জানতে চান।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।