পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬ ১১:১২ এএম
রাজশাহীর পুঠিয়ায় বুধবার ঈদুল আজহার নামাজ আদায় করেন কয়েকজন মুসল্লি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারাদেশে যখন পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার, তখন সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার রাজশাহীর পুঠিয়ায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কয়েকজন মুসল্লি।
উপজেলার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে বুধবার সকাল ৮টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী। নারী-পুরুষ মিলে মোট ৫ জন এই ঈদের নামাজে অংশ নেন। এর মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী মুসল্লি ছিলেন।
নামাজ শেষে অংশ নেওয়া মুসল্লিরা জানান, তারা প্রতি বছরই এখানে এভাবে ঈদের জামাত আদায় করে আসছেন। পূর্বে তারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদের জামাত আদায় করলেও, এখন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের সালাত আদায় করেন। এতে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।
নামাজের খুতবা ও দোয়া শেষে ইমাম মো. রহিম গাজী বলেন, “মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না, চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উদিত হয়, সেদিন থেকেই মূলত নতুন মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড়, তাই সব দেশ থেকে একই সময়ে চাঁদ দেখা যায় না। সেটা আমাদের দেখার ব্যর্থতা, কিন্তু চাঁদের উপস্থিতি তো সত্য।”