দিনাজপুরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাতে অংশ নেন মুসল্লিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন মুসল্লিরা।
দিনাজপুর শহরের চারুবাবুর মোড় এলাকার একটি পার্টি সেন্টারে বুধবার সকাল ৮টার দিকে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করেন।
জামাতে ইমামতি করেন ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক এবং নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া দিনাজপুর শহরের পাশাপাশি চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর ও হাকিমপুর উপজেলায় কয়েকশ পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায়ের প্রচলন শুরু হয়। শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ধর্মীয় আচার পালনের পাশাপাশি দিনটিকে ঘিরে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা। পুরো আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।