ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৯:৪৬ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে মঙ্গলবার র্যাবের অভিযানে আটক জাকির হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে ১১৬ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩২) নামের এক 'মাদক কারবারি'কে আটক করেছে র্যাব।
জেলার বাজিতপুর থানার পিরিজপুর ইউনিয়নের বেজাগাও এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক জাকির হোসেন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমানের ছেলে। র্যাব ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে র্যাব অভিযান চালায়। এ সময় গাঁজাসহ একটি চালান র্যাবের চোখ ফাঁকি দিয়ে বাজিতপুর থানার পিরিজপুর ইউনিয়নের দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে র্যাবের একটি দল সবজি বিক্রেতা ও ফেরিওয়ালার ছদ্মবেশে পিরিজপুর বেজাগাও এলাকায় অবস্থান নেয়। তারা প্রথমে 'মাদক কারবারি'র বাড়ি ও মাদক রাখার স্থান চিহ্নিত করে।
পরে র্যাব সদস্যরা জাকির হোসেনকে আটক করে এবং তার দোকানে তল্লাশি চালিয়ে লাকড়ি ও লতাপাতা দিয়ে লুকিয়ে রাখা ৫ বস্তা গাঁজা উদ্ধার করে। বস্তাগুলোতে ৫৫টি পুটলায় মোট ১১৬ কেজি গাঁজা পাওয়া যায় বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
তপন সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক জাকির হোসেনকে ভৈরব থানায় হস্তান্তর করা হবে।