চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৬:৩৭ পিএম
প্রতি বছরের মতো এবারও একদিন আগে পশু কোরবানি দেবেন চট্টগ্রামের ৬০ গ্রামের মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবের সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশসহ প্রায় ৬০টি গ্রামে আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করবেন।
এরই মধ্যে ঈদের জামাতের প্রস্তুতি গ্রহণ করেছে দরবার শরীফ কর্তৃপক্ষ। দরবার শরিফের অনুসারীরা প্রতি বছরের মতো এবারও একদিন আগে পশু কোরবানি দেবেন।
জানা যায়, সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান (র.) ২০০ বছর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার পালন করে আসছেন।
সাতকানিয়া মির্জারখীল দরবার শরীফের সৈয়্যদ মাওলানা আবদুর রহমান শাহ জাহাঁগিরী ও চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর বলেন, “আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদিনা শরীফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমানের দেখানো পথ অনুসরণ করে ধর্মীয় সকল প্রথা মেনে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছি”।
চট্টগ্রামের কাল বুধবার যেসব গ্রামে ঈদুল আজহার পালন করবেন সেগুলোর মধ্যে চন্দনাইশ উপজেলার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি, দোহাজারী, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর , জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, পটিয়া শ্রীমাই, সাতকানিয়ার রুপকানিয়া, মির্জাখিল বাঁশখালীরর জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, লোহাগাড়ার বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, সাতকানিয়া মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদ সহ বেশ কয়েকটি গ্রামের লক্ষাধিক অনুসারীগণ।
এ ছাড়া বোয়ালখালী, হাটাহাজারী, সন্দীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, বগুড়া, ঝালকাঠি, খুলনা, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলাসহ বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে মির্জাখীল দরবার ও জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী রয়েছেন তারাও ঈদুল আজহার নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের পীর সৈয়্যদ মো. আলীর ইমামতিতে বুধবার সকাল ৭টায় ঈদগাহ ময়দানে ইদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আবদুর রহমান শাহ জাঁহাগিরীর ইমামতিতে সকাল ৯টা ১৫ মিনিটে ও ড. সৈয়্যদ মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান জাহাঁগিরী ইমামতিতে সকাল সাড়ে ৮টায় মির্জাখীল দরবার শরীফে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।