বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৪:৫৯ পিএম
বরিশালে বাসচাপায় নিহত ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম ও সন্তান জান্নাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারে তিনজন নিহত হয়েছেন।
উপজেলার বাটাজোর নামক এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত। নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোটরসাইকেলযোগে ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম ও সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে যান।
অপরদিকে দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।