বরগুনার আমতলীতে দুর্ঘটনার কবলে পড়া পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরগুনার আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে মো. আজাদ মোল্লা (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ মোল্লার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার বাবার নাম আউয়ুব মোল্লা। আহত চালক মেহেদীর বাড়ি একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার বাবার নাম আব্বাস মিয়া।
জানা গেছে, সকালে ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যান আমতলীর দিকে যাচ্ছিল। চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ বাম পাশের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়।
সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও হেলপার ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন।
এ সময় ঘটনাস্থলেই হেলপার আজাদ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, আজাদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহত চালককে মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।