মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২০:১৭ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ২০:২৪ পিএম
মাগুরায় ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ড্রাম ভোজ্যতেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ভোজ্যতেলের বড় একটি অংশ।সোমবার (২৫ মে) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৬ মে ঢাকার ‘মেসার্স
মহামায়া ট্রেডার্স’-এর মালিক গোপাল সাহা ৬০ ড্রাম ভোজ্যতেল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১০৩৬)
মাগুরার উদ্দেশে পাঠান। ট্রাকটির চালক ছিলেন আব্দুর অন্তর রহমান (৫৮)। তিনি যশোর সদর
উপজেলার রাজারহাট এলাকার মৃত ইব্রাহিম কাজীর ছেলে।
নির্ধারিত সময়ে ট্রাকটি গন্তব্যে না
পৌঁছালে মালিকপক্ষ চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর গত ২০ মে ঝিনাইদহ
জেলার কালীগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া
যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে চালক আব্দুর অন্তর রহমানের মরদেহ
উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার জানান, ঘটনার তদন্তে সাইবার
ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির
সহায়তায় প্রথমে মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মৃত কুদ্দুস মোল্যার ছেলে আজাদ
হোসেন ওরফে হিটলার (২৭)-কে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে
গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের বিকাশ সাহা, রাতইলের
পাড়া বাজার এলাকার কুদ্দুস মোল্যা এবং মুনশির পাড়া এলাকার হারুন অর রশিদ।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৬ ড্রাম
ভোজ্যতেল, খালি ড্রাম ৭টি ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে
তারা ট্রাক ছিনতাই ও চালক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে
পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।