কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৭:০৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১৭:০৫ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, কৃষিজমি ও জলাশয়সহ প্রতিটি সম্পদকে উৎপাদনের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানো হবে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সোমবার সকালে এ সব কথা বলেন তিনি।
আমিন উর রশিদ বলেন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ভিক্টোরিয়া কলেজের জলাশয়ে হালদা নদীর উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সক্ষমতা রাখে। পুকুরের পরিবেশ ও খাদ্য উপযোগিতা বিবেচনায় এ সব মাছ অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য আকার ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তারা মাছ চাষ সম্পর্কে বাস্তব ধারণা পাবে এবং আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত হবে বলে জানা কৃষিমন্ত্রী।
তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। উন্মুক্ত জলাশয়ে ব্যাপকহারে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সরকারি হ্যাচারিগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের পোনা উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেলে দেশীয় মাছের প্রাপ্যতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর-এর মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।