টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৬:০২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১৬:০৭ পিএম
ছুটির এই ছয়দিনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন: ঈদে সাত দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর |
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে আগামী ৩১ মে পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত সময় পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগে থেকে শুল্কায়ন সম্পন্ন হওয়া পণ্য বিশেষ ব্যবস্থায় দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে”।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, “ছুটির মধ্যেও মিয়ানমার থেকে কাঠবোঝাই কোনো বোট এলে বিশেষ বিবেচনায় তা খালাসের ব্যবস্থা নেওয়া হতে পারে”।
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর চলতি বছরের ১ মে সীমিত পরিসরে টেকনাফ-মিয়ানমার স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়। বর্তমানে মিয়ানমারের মংডু এলাকা থেকে কাঠ আমদানি এবং বাংলাদেশ থেকে পেঁয়াজ ও আলু রপ্তানি হচ্ছে। তবে এখনো আকিয়াব ও ইয়াঙ্গুনের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য চালু হয়নি।
আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুক বলেন, “চলতি মাসে ২৪টি কাঠবোঝাই বোটে প্রায় আড়াই হাজার টন কাঠ আমদানি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ ও আলুও রপ্তানি করা হয়েছে। তিনি বলেন, ধীরে ধীরে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি সচল করার চেষ্টা চলছে।