কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ০৮:২৫ এএম
আপডেট : ২৫ মে ২০২৬ ১৪:০৫ পিএম
যমুনা সেতুর পূর্বপাড়ে খাদে উল্টে পড়া রডবোঝাই ট্রাক। ছবি: ভিডিও থেকে
যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী লেনে সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ট্রাকটিতে কয়েকজন যাত্রীও ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ এবং যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
সকাল সাড়ে ৮টার দিকে এ বিষয়ে জানতে ফোন করা হয় এলেঙ্গা অস্থায়ী ফায়ার স্টেশনের সাব অফিসার আতাউর রহমানকে।
প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, “রডবোঝাই রাজশাহীগামী একটি ট্রাক যমুনা সেতুর পূর্বপাশে সরাতৈল নামক স্থানে উল্টে পড়ে।”
তিনি বলেন, ট্রাকে ২৫/২৬জন জন যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আমরা ৬ জনকে জীবিত উদ্ধারে সক্ষম হলেও ১৫ জন ঘটনাস্থলেই নিহত হন।
আতাউর রহমান জানান, তারা সবাই উত্তরবঙ্গের—রাজশাহী, চাপাই ও নওগাঁ— এই এলাকার লোক।
আহতদের আমরা দ্রুত টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতেলে স্থানন্তর করি এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “ডিবির লোক আসছিল, পূর্বথানার ওসি ছিল—এরা লাশ নিয়ে গেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতেলে।”
হাসপাতালে নেওয়ার পর আহত ৬ জনের মধ্যে কেউ মারা গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “এরকম খবর আমার কাছে নাই।”
উদ্ধার কাজের কারণে ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল।
পরে সেতু পূর্ব ভূঞাপুর লিংক রোড দিয়ে ঢাকাগামী এবং পুরাতন সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।