রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২২:৪৯ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) কাটাসহ অতিরিক্ত ওজন বহনকারী ট্রাক্টরের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ৪টি অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৭টি ট্রাক্টর আটক করা হয়েছে।
রবিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান তার অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানের উপজেলা পরিষদে ২টি এবং কমলনগর থানায় ৫টিসহ মোট ৭টি ট্রাক্টর জব্দ করে রাখা হয়েছে।
ইউএনও'র অফিসিয়াল ফেসবুক পোস্ট সূত্রে আরও জানা যায়, কমলনগরে মাটিবাহী ও অতিরিক্ত ওজন বোঝাই ট্রাক্টর চলাচলের ওপর স্থানীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কমলনগর-রামগতি আঞ্চলিক সড়কে এ ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে আটক করতে কমলনগর থানা ও ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এছাড়াও অনেক জমির মালিক স্বেচ্ছায় কৃষিজমির উর্বর টপ সয়েল বিক্রি করছেন। এতে কৃষিজমির উৎপাদনক্ষমতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে বলে মনে করছে প্রশাসন। অবৈধ মাটি কাটা ও ঝুঁকিপূর্ণভাবে মাটি পরিবহন বন্ধে নিয়মিত অভিযান ও মামলা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।