বগুড়া অফিস
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:৫৩ পিএম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
নকল পণ্য তৈরি ও অনলাইনে বিক্রির অভিযোগে বগুড়ার একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার সকাল ১১টার দিকে শহরের লতিফপুর কলোনির সেলিনা আসরাফের মন্ডল হাউজের তৃতীয় তলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় নকল পণ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করে নষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। র্যাব-১২ ও জেলা পরিষদের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভবনের মালিক জানান, ফিরোজ কবির ফারুক নামে এক ব্যক্তি প্রায় নয় মাস আগে পরিবার নিয়ে থাকার ও অনলাইন ব্যবসার কথা বলে বাসাটি ভাড়া নেন। তবে সেখানে নকল পণ্য তৈরির কার্যক্রম চলছিল, তা তাদের জানা ছিল না। অভিযানকালে চার নারী ও তিন পুরুষ কর্মীকে পাওয়া যায়।
কর্মীদের একজন হাসি খাতুন বলেন, আমরা অনলাইনে পণ্য বিক্রি করতাম। পণ্য আসল না নকল, তা জানতাম না।
তিনি জানান, ৮ হাজার টাকা বেতন চুক্তিতে এক সপ্তাহ আগে চাকরিতে যোগ দেন তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি নিবন্ধিত বিডি হেলথ কোম্পানির ‘প্রশান্তি তেল’সহ বিভিন্ন পণ্য নকল করে বাজারজাত করছিল। অভিযোগ রয়েছে, আসল প্রতিষ্ঠানের প্যাকেট ও গ্রাহকের তথ্য ব্যবহার করে এসব পণ্য সরবরাহ করা হচ্ছিল। ‘প্রশান্তি তেল’-এর বিপণন প্রতিষ্ঠান হিসেবে ঢাকার আশ-শিফার নামও ব্যবহার করা হচ্ছিল।