শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:৩৪ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ২১:১০ পিএম
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে ‘স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটি’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাই দুর্যোগ পূর্ব প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ছাড়া টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল সমাজ গঠন সম্ভব নয়।সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়।