মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:৩২ পিএম
মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ ঘটনায় শাকিল হোসেন নামের এক ব্যাক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালত। এসময় অভিযুক্ত শাকিল আদালতে উপস্থিত ছিলেন।
রবিবার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।
মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন ফাঁসি রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের পঞ্চম শ্রেণীর পড়ুয়া মেয়ে তার পিতাকে বাড়ির পাশের আবাদী মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন শিশুটিকে দেশীয় অস্ত্র ধারালো হাসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পাশ্ববর্তী পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে শিশুর পিতা ইছানুল হক গাংনী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
মামলার তদন্ত রিপোট পুলিশ দাখিলের পর আদালত ২৯ কার্যদিবসের মধ্যে মামলায় ১২ জন সাক্ষীর ভার্চুয়ালি ও সশরীরে জেরা গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণ এবং মেডিকেল পরীক্ষা রিপোর্টে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ধর্ষক শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন। এছাড়া জরিমানার টাকা ধর্ষকের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে বিক্রয়লদ্ধ অর্থ আদালতের মাধ্যমে ভিকটিমের পরিবারকে পরিশোধের আদেশ দেন।
রায়ে ধর্ষিত শিশুর পরিবার সন্তোষ্ট জানালেও দণ্ডপ্রাপ্ত শাকিলের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।