কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:৩০ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ২১:১৭ পিএম
ট্রাক্টরসহ সেতুটি ধসে পড়লে ট্রাক্টরে থাকা কয়েকজন নিচে পড়ে গুরুতর আহত হন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রাম সদর উপজেলায় সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
পাঁচগাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাক্টরটি সেতুর ওপর উঠতেই মুহূর্তের মধ্যে সেটি ধসে পড়ে। এতে ট্রাক্টরে থাকা কয়েকজন নিচে পড়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে একজন মারা যান। আহত বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ২০০৩ সালে নির্মিত সেতুটি মাত্র ২৩ বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়া এলজিইডির নিম্নমানের কাজের প্রমাণ।
এদিকে সেতুটি ভেঙে পড়ায় পাঁচগাছী, যাত্রাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগ ব্যাহত হয়েছে।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, “সেতুটি ভেঙে পড়ার পর সদর ইউএনও মহোদয়কে বিষয়টি অবহিত করেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন”।
এ বিষয়ে কথা হলে এলজিডি নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, "পূর্ব থেকে সেতুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা স্থানীয়দের বলেছিলাম ভারী যানবাহন না চালাতে। এখন ব্রিজের প্রয়োজন নেই। আমরা দ্রুত সেতুর পরিবর্তে মাটির রাস্তা তৈরি করব বন্যা শেষে। আপৎকালীন সময়ের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হবে আগামীকাল”।