চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:২৬ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এসময় পরিবহণকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (২৪ মে) সকাল দশটার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকায় গোপনে অবস্থান নেয় ৬ বিজিবির একটি টহল দল। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক মো. বাপ্পি (২৭) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)'র পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করে, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেল দামুড়হুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।