ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:২১ পিএম
মেঘনা নদীপথের শীর্ষ নৌ ডাকাত দ্বীন ইসলাম ওরফে ধীরাকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের ভৈরব নৌ থানার পুলিশ। রবিবার (২৪ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে নৌ ডাকাতির ১ লাখ ৭০ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। ভৈরব নৌ থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত নৌ ডাকাত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার চরচারতলা পূর্ব পাড়া এলাকার মৃত মগল সরকারের ছেলে।
জানা যায়, ১৬ মে ভোরে এন এম ব্রাদার্স নামে এক বাদাম ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ জন কর্মচারীকে নিয়ে তারা ভৈরব বাজার ঘাট থেকে নৌকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজা বাজারের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৬টার দিকে তাদের নৌকাটি আশুগঞ্জের চরচারতলা এলাকায় পৌঁছলে ডাকাতরা এসে তাদের ওপর হামলা চালায়। ডাকাতরা নৌকায় উঠে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে তাদের সঙ্গে থাকা বস্তায় রাখা ৩৫ লাখ টাকা লুট নেয়।
খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাঝনদী থেকে ভুক্তভোগী ব্যবসায়ীদের উদ্ধার করে ভৈরবে নিয়ে আসেন। এ ঘটনায় ওই দিন দুপুরে নৌ থানায় অজ্ঞাত একাধিক আসামি করে ডাকাতি মামলা করেন এন এম ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শামীম আহমেদ। ভৈরব নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, দ্বীন ইসলাম ওরফে ধীরা মেঘনা নৌ পথের শীর্ষ ডাকাত। তার নেতৃত্বে নদীপথে নৌ ডাকাতি পরিচালনা করা হয়। কিছুদিন বাদাম ব্যবসায়ীর প্রায় ৩৫ লাখটাকা লুট এই ডাকাত চক্র।