× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিংড়ায় পুলিশের বিরুদ্ধে চোরাই ফ্রিজ কেনার অভিযোগ

সিংড়া (নাটোর) সংবাদদাতা

প্রকাশ : ২৪ মে ২০২৬ ২০:১৬ পিএম

অভিযুক্ত সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে চুরির মালামাল (ফ্রিজ) কেনার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানায়, নাটোরের সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা জামাল উদ্দিনের মাদকাসক্ত ছোট ছেলে মাসুম আলী প্রায় দেড় মাস আগে তার বড় ভাই মুনছের আলীর বাসা থেকে একটি ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি করেন।

গভীর রাতে চুরি করা ফ্রিজ ও অন্যান্য মালামাল ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভ্যানগাড়িটি আটক করেন সিংড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নজরুল ইসলাম। এ সময় অভিযুক্ত মাসুম পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সাজু ও আবু হানিফ জানান, মুনছের আলীর বাসা থেকে ফ্রিজসহ মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে পালিয়ে যায় মাসুম। পরে টহলরত এসআই নজরুল ইসলাম পথচারী দুইজনের সহযোগিতায় ফ্রিজ ও অন্যান্য মালামাল তার ভাড়া বাসায় নিয়ে যান। তাদের দাবি, পরবর্তীতে অভিযুক্ত মাসুম সকালে নজরুল ইসলামের বাসায় গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে এসআই নজরুল ইসলাম ওই ফ্রিজটি ১১ হাজার ৫০০ টাকায় ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে কিনে নেন। 

এদিকে চুরির ঘটনা জানাজানি হলে চুরি যাওয়া মালামাল ফেরত পেতে থানায় হাজির হন মুনছের আলীর স্ত্রী ও স্বজনরা।

ভুক্তভোগী মুনছের আলী বলেন, আমার আপন ছোট ভাই আমার বাসা থেকে ফ্রিজ চুরি করেছিল। পরে বিষয়টি জানাজানি হলে আমি থানায় গিয়ে চুরি হওয়া মালামাল ফেরতের জন্য অভিযোগ করি।

মুনছের আলীর মা মর্জিনা বেগম বলেন, ফ্রিজ চুরির পর সাজুর মাধ্যমে জানতে পারি পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ফ্রিজটি নিয়েছেন। পরে লোকজন ধরে টাকা দিয়ে ফ্রিজটি ফেরত নিতে হয়েছে। গত শনিবার সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল অফিসে আপোষ মীমাংসা শেষে শনিবার ফ্রিজটি ফেরত পেয়েছি।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিউজ করলে পুলিশের বদনাম হবে, পুরো বাহিনীর বদনাম হবে। আপাতত ক্ষমা করেন।

অন্যদিকে ভুক্তভোগী পরিবারকে ডেকে আপোষ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর মোহাম্মদ আলী বিরুদ্ধে। তবে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, তিনি কিছু জানেন না। পাশাপাশি তিনি জানান, মিডিয়ার সঙ্গে তিনি কথা বলেন না এবং এ বিষয়ে জানতে জেলা পুলিশের মুখপাত্র পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

নাটোরের পুলিশ সুপার শরীফুল হক জানান, এমন তথ্য পাওয়ার পর সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা