× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা

বদলে যাচ্ছে বগুড়া শহর, রূপ নিচ্ছে মহানগরে

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:৫৬ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ০৮:৫৬ এএম

বদলে যাচ্ছে বগুড়া শহর, রূপ নিচ্ছে মহানগরে

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এগুলোর মধ্যে রয়েছে মাটিডালী থেকে বনানী পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালু, শহরের তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইনের কাজ দ্রুত শেষ করা এবং একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ।

রবিবার (২৪ মে) দুপুরে বগুড়া সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব পরিকল্পনার কথা বলেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুত বর্ধনশীল নগরী হিসেবে বগুড়াকে আধুনিক নাগরিক সুবিধার আওতায় আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। নগরবাসীর যাতায়াত সহজ করা এবং যানজট কমাতে মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নগরবাসী স্বল্প খরচে আরামদায়ক গণপরিবহন সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রেলগেটে যানজটের সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ করা হবে। এতে নগরের মধ্যে যান চলাচল সহজ হবে। সময়ও কম লাগবে।

মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। এই রেললাইন বাস্তবায়িত হলে বগুড়ার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তরুণদের জন্য একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। সেখানে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) এবং মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠান চালু হলে নগর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সব মহানগরকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের কাজ চলছে। ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনও প্রধানমন্ত্রী করবেন বলে জানান তিনি।

সভায় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা, সংরক্ষিত মহিলা আসনের এমপি সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, ডিডি-এলজি রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা