রংপুর অফিস
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:৫১ পিএম
রংপুরে কৃষককে হত্যা করে ট্রান্সফরমার চুরির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলোÑ গাইবান্ধার পলাশবাড়ি চকবালা গ্রামের নজমাল শেখের ছেলে জামিরুল ইসলাম, বাঁশকাটা গ্রামের আজিজার রহমানের ছেলে নুরুল আমিন, বেড়াডাংগা গ্রামের গেল্লা সরদারের ছেলে আমিরুল ইসলাম সরদার, গোবিন্দগঞ্জ পুরন্দুর গ্রামের মজিবর রহমানের ছেলে সবদুল আকন্দ ওরফে শামিম, সাদুল্ল্যাপুর কাবিলপুর সোনাতলা গ্রামের আজহার আলীর ছেলে আনিছুর রহমান, জয়পুরহাট কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের তফিজার মুন্সির ছেলে আব্দুল জলিল ও বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।
শনিবার (২৩ মে) রংপুর জেলা পুলিশের আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গতকাল রবিবার বিকাল জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, কৃষক মফিজার রহমান হত্যাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। জেলা পুলিশের চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করেছে। সব ধরনের অপরাধ নির্মূলে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।