ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ করলে প্রবল হঠাৎ বজ্রপাত হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নরসিংদীর ঘোড়াশালে চলন্ত ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে রবিবার বিকালে এই ঘটনা ঘটে।
সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ করলে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হয়। এসময় ট্রেনের ‘ছ’ বগির ছাদে অবস্থানরত সজিব সরকার বজ্রপাতের আঘাতে মারা যান। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে আসার পর ছাদ থেকে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, “স্টেশন মাস্টার ও ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে একজন মারা গেছে। তারপর স্টেশনে গিয়ে দেখি মানুষ জড়ো হয়ে আছে। বজ্রপাতে ওই ব্যক্তির বুকের অংশ এবং পরনের জামা পুড়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন”।