× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্ধেক কাজ হয়ে ৭ বছর বন্ধ সেতুটি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৯:১০ পিএম

অর্ধেক কাজ হয়ে ৭ বছর বন্ধ সেতুটি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের সাভার কবরস্থান সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ প্রায় ৭ বছর ধরে বন্ধ আছে। এতে কয়েক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। গুরুত্বপূর্ণ এই সড়কপথ দিয়ে হাসড়া, কোনাবাড়ি, কাগুজিপাড়া, বানিয়ারা, সরাগি ও সাভার দক্ষিণপাড়া গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করেন। কিন্তু দীর্ঘ সময় ধরে সেতুর কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ কাটছে না। দুর্ভোগ তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে রয়েছে। 

সরেজমিন গিয়ে দেখা যায়, খালের মাঝখানে অসমাপ্ত সেতুর গার্ডার ও পিলারের কাঠামো। সেতুর নির্মাণস্থল ঘিরে আছে পানি ও কচুরিপানায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকলেও সরকারের দায়িত্বশীলদের কোনো মাথাব্যথা নেই। সেতুর কাজ দ্রুত শেষ করে এলাকাবাসীর চলাচল উপযোগী করা দরকার, এ নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই সরকার সংশ্লিষ্টদের।

সাভার দক্ষিণ পাড়া গ্রামের হাসমত, আব্দুল করিম, ইমান আলী, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও লাভলু বলেন, বর্ষা এলে আমাদের জন্য খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। তখন খালের ওপার নিজ উদ্যোগে এলাকাবাসী অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করে।

তারা আরও বলেন, খালের ওপারেই কবরস্থান ও বিস্তীর্ণ ফসলি জমি। বর্ষাকালে কেউ মারা গেলে মরদেহ কবরস্থানে নিতে নৌকার ওপর নির্ভর করতে হয়। একইভাবে ক্ষেতের ফসল ঘরে তুলতেও অনেক সময় কৃষকদের কোমরসমান পানি ভেঙে পারাপার হতে হয়। এতে বেশি ভোগান্তি হয় নারী, শিশু ও বৃদ্ধদের। তাড়াতাড়ি সেতুর কাজ শেষ করার দাবি জানান তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে প্রথমবার সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ওই সময় কিছু অংশের কাজ শেষ হলেও নির্ধারিত সময়ে পুরো কাজ শেষ না হওয়ায় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ বিরতির পর ২০২৩-২৪ অর্থবছরে নতুন করে বরাদ্দ দিয়ে আবারও নির্মাণকাজ শুরু করা হয়।

নতুন প্রকল্প অনুযায়ী ১১ দশমিক ৫৮ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণের দায়িত্ব পায় ‘বুলবুল এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের এপ্রিল মাসে কাজ শুরু হয়ে ২০২৫ সালের মে মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি অর্ধেকেরও কম।

এ বিষয়ে কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, সেতুটি মূলত একটি প্যাকেজের আওতাধীন। ঠিকাদার প্যাকেজের যে কাজ করেছে, আমাদের হিসাব অনুযায়ী তিনি ইতোমধ্যে কাজের তুলনায় বেশি বিল পেয়েছেন। এরপরও কাজ না করে বারবার বিলের আবেদন করছেন। এজন্য আমরা বিল দিচ্ছি না।

তিনি আরও বলেন, আমরা তাকে আগে কাজ করার নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ থেকেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারপরও কাজ না করায় বর্তমানে বিধি অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বুলবুল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা