কক্সবাজার
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৪:৪০ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ১৫:০০ পিএম
কক্সবাজার আদালত প্রাঙ্গণে রবিবার এক বিএনপি নেতা ও তার সহযোগীদের লক্ষ্য করে গুলির পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজার আদালত প্রাঙ্গণে এক বিএনপি নেতা ও তার সহযোগীদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের দক্ষিণের চলাচলের রাস্তায় রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার এবং তার চাচাতো ভাই মোহাম্মদ মহিউদ্দিন। তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা গুলিবিদ্ধ লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ জানান, রবিবার তার বড় ভাইয়ের মামলার হাজিরার দিন ধার্য ছিল। সকালে তারা এজলাসে হাজিরা দিতে যাওয়ার আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের চলাচলের রাস্তায় পৌঁছালে ৬/৭ জন লিয়াকতকে লক্ষ্য করে গুলি করে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়।
তিনি জানান, ঘটনাস্থল উপস্থিত লোকজন হামলাকারীদের ধাওয়া দিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। এসময় হামলায় অংশ নেওয়া অন্যরা মোটরসাইকেল ও একটি সাদা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী লিয়াকতকে গুলি করেছে দাবি করে তিনি বলেন, “রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় খালেকসহ তার বাহিনীর লোকজনের আমার ভাই লিয়াকতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালত প্রাঙ্গণের হামলায় খালেক বাহিনীর সদস্যরা অংশ নিয়েছে।”
ঘটনার ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান জানান, আদালত গুলিবর্ষণের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হামলা অংশ নেওয়া দুজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।