দৌলতদিয়া ফেরিঘাট
বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার নির্দেশনা থাকলেও অধিকাংশক্ষেত্রেই তা মানা হচ্ছে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসে যাত্রী রেখেই ফেরিতে ওঠানোর ঘটনা অব্যাহত রয়েছে।
সরকারিভাবে বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে ওঠার নির্দেশনা থাকলেও অধিকাংশক্ষেত্রেই তা বাস্তবে মানা হচ্ছে না।
এতে প্রতিদিনই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন সচেতন মহল।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন পরিবহনের বাস যাত্রীসহ সরাসরি ফেরিতে উঠছে।
এ বিষয়ে প্রতিবেদকের কথা হয় যাত্রীদের সঙ্গে। তবে তাদের অধিকাংশ জানেনই না যে নিরাপত্তার স্বার্থে ফেরিতে ওঠার আগে বাস থেকে নামতে হয়।
কুষ্টিয়া থেকে আসা রাবেয়া পরিবহনের চালক জানান, ঘাটে কেউ যাত্রী নামানোর নির্দেশ দেয়নি। নির্দেশ পেলে অবশ্যই যাত্রী নামিয়ে ফেরিতে উঠতেন এবং এতে নিয়ন্ত্রণও সহজ হতো।
রোজিনা পরিবহনের যাত্রী রবিন বলেন, তারা জানতেনই না যে ফেরিতে ওঠার আগে বাস থেকে নামতে হয়, কেউই তাদের কিছু জানাননি।
খোকসা থেকে ঢাকাগামী একই পরিবহনের আরেক যাত্রীও জানান, কোথাও কোনো নির্দেশনা তারা পাননি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, তারা নিয়মিত মাইকিং করে যাত্রী ও চালকদের বাস থেকে নেমে ফেরিতে ওঠার অনুরোধ জানাচ্ছেন।
তবে কেউ কেউ মানলেও অনেকেই তা মানছেন না বলে তিনি জানান এবং বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে থাকার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে গত ২৫ মার্চ বিকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন নিহত হন।
এরপর থেকে ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামানোর নির্দেশনা জারি করা হলেও এর কার্যকর বাস্তবায়ন এখনও দেখা যায়নি।