× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ও শিশু ধর্ষণের অভিযোগ: সংঘবদ্ধ পিটুনি, সালিশ ঘিরে আত্মহত্যাচেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৬ ২০:৩০ পিএম

আপডেট : ২৩ মে ২০২৬ ২০:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন জেলায় নারী ও শিশু নির্যাতনের পৃথক ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কোথাও ধর্ষণের অভিযোগ ধামাচাপার চেষ্টাসহ অপমানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। প্রতিবেদকদের খবর :

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন হিরু নামে এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ধর্ষণের এ ঘটনা ঘটে। 

ধর্ষণের খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মনির হোসেন হিরু (২২) ও সোহেলের (২১) বাড়িতে তল্লাশি চালায়। তাদের বাড়িঘর ভাঙচুর করে। অভিযুক্ত হিরুকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধরা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। 

শনিবার (২৩ মে) সকালে জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন।

নরসিংদী : নরসিংদীর চিনিশপুর ইউনিয়নে ধর্ষণের অভিযোগ স্থানীয় সালিশে টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে এক কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

অভিযুক্ত নাইম একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে পেশায় প্রাইভেটকার চালক। গত শুক্রবার বিকালে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে সালিশ বৈঠকে ধর্ষণের ঘটনা ৫০ হাজার টাকায় মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। এতে অপমানিত হয়ে কিশোরী গলায় ফাঁস দেয়।

ঘটনায় সালিশে পুলিশের উপস্থিতির অভিযোগ উঠলেও নরসিংদী মডেল থানার ওসি এমআর আল মামুনের দাবি, সালিশে পুলিশের কেউ ছিল না। 

ফকিরহাট (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাটে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার ভুক্তভোগীর বাবা ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন । 

পরিবারের অভিযোগ, গত মার্চে মুদি দোকানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়। ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত রাছেক শেখকে আটক করা হয়েছে। 

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে এক তরুণী স্থানীয় কোচিং সেন্টার পরিচালনাকারী মিজান মিয়ার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মো. মিজান মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের কাশেম মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রধান আসামিসহ আরও দুইজন পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতরা হলোÑ উপজেলার বিলনাথুর গ্রামের আনিক (১৯), একই গ্রামের নয়ন শেখ (২০) এবং ইছাপুর গ্রামের রানা বিশ্বাস (২০)। মামলার প্রধান আসামি বিলনাথুর গ্রামের সৌরভ শেখ এবং একই গ্রামের হুসাইন (২১) পলাতক রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সপ্তম শ্রেণির ১৪ বছরের ছাত্রীর সাথে মোবাইল ফোনে সৌরভ শেখের পরিচয় হয়। গত ৫ এপ্রিল সকালে শ্রীপুর টেম্পোস্ট্যান্ড বালুর মাঠে ওই ছেলের সাথে দেখা করতে আসে ওই স্কুলছাত্রী। এ সময় সৌরভ ও তার সাথে থাকা ৪ ব্যক্তি তাকে অপহরণ করে উপজেলার খড়িয়ারচাইল মাঠে মিন্টু মিয়ার মাছের ঘেরে নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয় আসামিরা। 

‎‎কেরানীগঞ্জ : ‎ঢাকার কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এক অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে র‍্যাব-১০ এর একটি টহল দল শনিবার দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে ঘাতকের হাত থেকে শিশুটিকে উদ্ধার করে। অভিযুক্ত শাহ পরান (২৪), বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা