পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ২০:২৪ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬ ২১:০২ পিএম
সীমান্তে বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে শনিবার সকালে তিনবিঘা করিডোর এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম তিনবিঘা করিডর সীমান্তের শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে বাঁশের খুঁটি, বিএসএফসহ ভারতীয় কর্মকর্তাকে শাসাল বিজিবি |
শনিবার (২৩ মে) সকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডর সড়কের পাশে বিএসএফের সভাকক্ষে এ বৈঠক চলে। বৈঠকে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে তা অবশ্যই শূন্যরেখার ১৫০ গজের বাইরে করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছে বিজিবি।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিনোদ রেঢু ও ৩০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস নারায়ণ মিশরা। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়, শূন্যরেখা থেকে ৫০ গজের মধ্যে জমি অধিগ্রহণের লক্ষ্যে ৩ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সদস্যরা অস্ত্র কক করে ফায়ারিং পজিশনে যায়, যা অনাকাঙ্ক্ষিত বলে দাবি করে বিএসএফ।
জবাবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। বিএসএফ আইন উপেক্ষা করে খুঁটি স্থাপন করায় আত্মরক্ষার জন্য বিজিবি প্রতিরোধমূলক অবস্থান নেয়।
বৈঠকে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় জমির ফসল নষ্ট করার অভিযোগ তোলে। এ বিষয়ে বিজিবি জানায়, কোনো বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশও করা হয়।