সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৯:২৩ পিএম
সাতক্ষীরায় অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য পৃথক ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ)।
শনিবার (২৩ মে) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপকূলের জলবায়ু সংকট, পরিবেশগত ঝুঁকি এবং মানুষের জীবন-জীবিকার বাস্তব চিত্র তুলে ধরে ২১ দফা দাবি উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাধব দত্ত। স্বাগত বক্তব্য রাখেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের প্রধান সংগঠক ও সাংবাদিক নেতা শরীফুল্লাহ কায়সার সুমন। এ সময় ক্লাইমেট অ্যাকশন ফোরামের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, উপদেষ্টা মাধব দত্ত বিভিন্ন নাগরিক নেতা, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখোমুখি। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালীর মতো জেলাগুলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট ও ভূমি অবক্ষয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে কৃষিজমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছে।
সংবাদ সম্মেলনে উপকূল রক্ষায় অবিলম্বে ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠন, উপকূলকে আনুষ্ঠানিকভাবে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী-খাল ড্রেজিং, নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ এবং সুন্দরবন সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী, মিল অফিসার জয়দেব কুমার জোদ্দার।