যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ১৭:৫৯ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬ ১৮:০২ পিএম
প্রতীকী ছবি
যশোর-খুলনা মহাসড়কের সদরের রূপদিয়ায় কাভার্ডভ্যানের চাপায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।
রূপদিয়া চাউলিয়া তেল পাম্পের সামনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— সদরের ঘুনিপূর্বপাড়া গ্রামের আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার চার বছরের শিশু সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের আনোয়ার আলী (৭০)। এদের মধ্যে আইয়ুব আলী ইজিবাইক চালক এবং আনোয়ার আলী ইঞ্জিনচালিত ভ্যান চালক ছিলেন। যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শন (তদন্ত) কাজী বাবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয় এবং ইজিবাইকটি কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌভিক সাহা ও আনোয়ার আলীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেন (২৮) নামের এক যুবক বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তিনি মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে রোড ডিভাইডার বা প্রতিরোধক নির্মাণের ফলে রাস্তা সরু হয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটি ভাঙচুরের চেষ্টা চালায় এবং যশোর-খুলনা মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটি ভাঙচুরের জন্য উদ্যত হয়। পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ইজিবাইক উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার রেকর্ড করা হয়েছে।